
আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সঙ্গে বাংলাদেশের নতুন ঋণ কর্মসূচির নীতিমালা ও মূল কাঠামো নিয়ে আলোচনা চলছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, দেশের অর্থনৈতিক বাস্তবতা ও জনগণের স্বার্থ বিবেচনায় প্রয়োজনীয় সংস্কারের সময় ও ধাপ সরকারই নির্ধারণ করবে এবং এ বিষয়ে আইএমএফ ইতিবাচক অবস্থান জানিয়েছে।
সোমবার সচিবালয়ে অর্থমন্ত্রীর সঙ্গে আইএমএফের বাংলাদেশ মিশন প্রধান ইভো ক্রজনারের নেতৃত্বাধীন প্রতিনিধি দলের বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
অর্থমন্ত্রী বলেন, নতুন ঋণ কর্মসূচির মূল ভিত্তি ও নীতিমালা কী হবে, তা নিয়ে দুই পক্ষের আলোচনা অব্যাহত রয়েছে। আইএমএফ ধাপে ধাপে কিছু সংস্কারের প্রস্তাব দিয়েছে। তবে দেশের অর্থনৈতিক পরিস্থিতি এবং জনগণের স্বার্থ বিবেচনায় কোন সংস্কার কখন বাস্তবায়ন করা হবে, সে সিদ্ধান্ত সরকারই নেবে।
তিনি বলেন, একটি রাজনৈতিক সরকারের জনগণের প্রতি দায়বদ্ধতার বিষয়টিকে আইএমএফ গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে।
বৈঠকে দেশের আর্থিক খাতে সাম্প্রতিক অগ্রগতির প্রশংসা করেছে আইএমএফ। বিশেষ করে শেয়ারবাজারের উন্নয়ন এবং কর-জিডিপি অনুপাত বৃদ্ধিকে ইতিবাচক হিসেবে উল্লেখ করলেও এসব ক্ষেত্রে আরও অগ্রগতির প্রয়োজন রয়েছে বলে মত দিয়েছে সংস্থাটি।
অর্থমন্ত্রী জানান, নতুন ঋণ কর্মসূচির বিভিন্ন দিক নিয়ে আলোচনা অব্যাহত থাকবে। আগামী অক্টোবরে ব্যাংককে আইএমএফের শীর্ষ কর্মকর্তার সঙ্গে এ বিষয়ে আরও বৈঠক হবে। একই সঙ্গে আইএমএফের ওই কর্মকর্তা বাংলাদেশ সফর করবেন বলেও জানান তিনি।